নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ এবং সাইফুল আলম মাসুদের মালিকানাধীন এস আলম গ্রুপের ঋণ রয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এর মধ্যে বেক্সিমকো গ্রুপের ঋণ ৭০ হাজার কোটি টাকার মতো। বাকি ১ লাখ ৮০ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। তবে এ ঋণের বড় অংশ নেয়া হয়েছে বেনামি বিভিন্ন কোম্পানির নামে।
এর মধ্যে এস আলম গ্রুপের কাছ থেকে খেলাপি ঋণের (বিনিয়োগ) টাকা আদায়ে এখন পর্যন্ত ৩৫টি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এসব নিলামের সঙ্গে সম্পৃক্ত ঋণের পরিমাণ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে কেবল একটি নিলামে একজন ক্রেতা অংশ নিয়েছেন। বাকি ৩৪টি নিলামে কোনো ক্রেতা অংশ নেননি।
ঋণ নেওয়া কোম্পানির মালিক হিসেবে আছেন গৃহকর্মী, পিয়ন, ড্রাইভার, চটপটির দোকানদারের মতো ক্ষুদ্র ব্যবসায়ীও। আর ঋণের বিপরীতে জামানত হিসেবে রয়েছে এমন অনেক সম্পদের হদিসও মিলছে না বলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
ইসলামী ব্যাংকের মতো একই পরিস্থিতিতে পড়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। বেনামি বিভিন্ন কোম্পানির নামে এ ব্যাংক থেকে প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ বের করে নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
খেলাপি হয়ে যাওয়া এ ঋণ আদায়ে এরই মধ্যে ১৯টি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। কিন্তু কোনো নিলামেই জামানতের সম্পত্তি কেনার মতো ক্রেতা খুঁজে পাওয়া যায়নি।
কেবল সালমান এফ রহমান কিংবা এস আলম গ্রুপের ঋণের ক্ষেত্রেই নয়, বরং দেশের ব্যাংকগুলো থেকে বিতরণকৃত বেশির ভাগ বড় ঋণের বিপরীতে থাকা জামানতের সম্পত্তি এখন বিক্রি করা যাচ্ছে না।
গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে গ্রেফতার হয়ে সালমান এফ রহমান এখন জেলে রয়েছেন। আর সাইফুল আলম মাসুদ রয়েছেন সিঙ্গাপুরে। তিনি সপরিবারে কয়েক বছর আগে দেশটির নাগরিকত্ব নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে চেষ্টা করেও গ্রুপ দুটির নীতিনির্ধারণী পর্যায়ের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে বেক্সিমকো গ্রুপের একজন কর্মকর্তা বলেছেন, গ্রুপটি সব ঋণ পুনঃতফসিলের উদ্যোগ নিয়েছে।
আর এস আলম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত একজন জানিয়েছেন, ঋণ পরিশোধের সুযোগ চাইলেও তাদের দেয়া হয়নি। এজন্য তারা আন্তর্জাতিক আদালতে যাবেন।
সূত্র: বণিক বার্তা



