বরিশাল মেইল ডেস্ক:
সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতা রিয়াজুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে সাভার পৌরসভার জামসিং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলাম সাভার পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি বলে জানা গেছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে সক্রিয় ভুমিকা পালন করেছেন। তিনি গত ১৫ আগস্ট সাভার থানায় দায়ের করা হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সাভার পৌরসভার জামসিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার আসামি রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়াজুল ইসলামের নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। উক্ত ঘটনায় সাভার থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে সাভার মডেল থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান বলেন, আসামি রিয়াজুল ইসলাম ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর যাবৎ সাভার পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড সাবেক সভাপতি ছিলেন তিনি । এছাড়া দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।



