নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার সঙ্গে তার অনেক অনুগত এমপিরাও পালিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চরে যান। এরপর থেকেই ফাঁকা হয়ে যায় জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে থাকা ন্যাম ভবন।
ন্যাম ভবনের ফ্ল্যাটগুলোতে মূলত সংসদ সদস্যদের বসবাস ছিল। বেশ কয়েকমাস ন্যাম ভবনের কোনো ফ্ল্যাটেই জ্বলেনি আলো। তবে সম্প্রতি কয়েকটি ভবনের বেশ কিছু ফ্ল্যাটে সন্ধ্যার পরই আলো জ্বলতে দেখা গেছে।

ফলে প্রশ্ন উঠেছে সরকার পতনের পর এমপিরা পালিয়ে যাওয়ার পর ন্যাম ভবনে কারা বসবাস করছেন?
এ বিষয়ে জানতে চাইলে ন্যাম ভবনের এক নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, ন্যাম ভবনের কয়েকটি ফ্ল্যাটে থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে ৪, ৫ ও ৬ নম্বর ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটে সহপরিবারে বসবাসের নমুনা পাওয়া গেছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ৬ নম্বর ভবনের বিভিন্ন ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকছেন পাঁচজন প্রসিকিউটর।
এ বিষয়ে জানতে গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন দপ্তরের পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।



