ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত মহানগরী লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে প্রায় ১২০০ একর এলাকা গ্রাস করেছে। এই আগুনে ইতোমধ্যে বহু বাড়িঘর, যানবাহন এবং অবকাঠামো ভস্মীভূত হয়েছে। বিপদ আরও ঘনীভূত হওয়ায় ৩০ হাজারেরও বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন, ১৩ হাজারের বেশি ভবন এখন দাবানলের হুমকির মধ্যে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার সকালে প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রবল বেগে বইতে থাকা ঘণ্টায় প্রায় ৫০ মাইল (৮০ কিমি) গতির দমকা বাতাস এবং তীব্র শুষ্ক পরিবেশের কারণে দাবানল দ্রুত বিস্তার লাভ করে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসিন্দারা আগুন থেকে রক্ষা পেতে তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। গাড়ি রেখে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন অনেকে।
আগুনের ভয়াবহতা বিবেচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাতাসের গতি বাড়ায় আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
দাবানলের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসকে এর প্রধান অনুঘটক বলে মনে করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ারফাইটাররা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করছেন।
বিএম/সজীব



