ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে বসতঘরে ঢুকে চুরির চেষ্টাকালে এক চোরকে হাতেনাতে জাপটে ধরে তার হাতের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে দিয়েছেন এক দুঃসাহসী গৃহবধূ। আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই বিচ্ছিন্ন আঙুলটি ফেলে রেখে দুটি ব্যবহৃত মূল্যবান মোবাইল ফোন নিয়ে সহযোগীদের সহায়তায় সটকে পড়ে চোরের দলটি।
মঙ্গলবার (০৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজাপুর উপজেলার ভরপাশা ইউনিয়নের ডহরশংকর গ্রামের খলিফা বাড়ির মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে এ রোমাঞ্চকর ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ঘরের সিঁধ কেটে বা গোপনে সিধঁ কেটে সসংঘবদ্ধ চোরচক্র ঘরে প্রবেশ করে। মৃদু শব্দ পেয়ে গৃহবধূর ঘুম ভেঙে যায়। তিনি চোরদের উপস্থিতি নিশ্চিত হয়ে ভয় না পেয়ে তাৎক্ষণিক সাহসিকতার সঙ্গে এক চোরকে শক্ত করে জাপটে ধরেন।
ধস্তাধস্তির একপর্যায়ে নিজেকে ছাড়াতে চোর গৃহবধূর মুখে হাত দিলে তিনি চোরের আঙুল দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরেন। কামড়ের চোটে চোরের হাতের একটি আঙুল গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে মেঝেতে পড়ে যায়।
গৃহবধূর আর্তচিৎকার শুনে ঘরের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসার আগেই চোরের অন্য সহযোগীরা এগিয়ে এসে ধস্তাধস্তির মধ্যে তাকে ছাড়িয়ে নেয়। এরপর ঘরের টেবিলে থাকা দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনাস্থলে রক্তমাখা কাটা আঙুল উদ্ধার করা হয়েছে। দিন দিন এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। রাজাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।



