নিজস্ব প্রতিবেদক:
বরিশালে বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে। ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বেতারের বরিশাল বেতার প্রঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। এ সময় কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বেতার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচার হলেও বেতারে প্রচারিত তথ্য ও সংবাদ শতভাগ নির্ভরযোগ্য। বাংলাদেশ বেতার সকল মানুষের আশা-আকাঙ্খার প্রতীক ও জাতির মূখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি স্মার্টফোন ব্যবহারের বিভিন্ন কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের উন্নয়নে বেতারের রয়েছে এক সুদীর্ঘ উজ্জ্বল ইতিহাস। দুর্যোগকালীন সময়ে উপকূলীয় অঞ্চলের মানুষ ও জেলেদের আবহাওয়ার তথ্য ও করণীয় বিষয়ে বেতারের বিশেষ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এ কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।
এ বছরের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরির্বতন বিষয়ে আলোচনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক অরুপ রতন তালুকদার জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অসামান্য অবদান তুলে ধরেন। শুভেচ্ছা জ্ঞাপন করেন রবীন্দ্র সংঙ্গীত শিল্পী অধ্যাপক বিমল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন ও নূরুল আলম ফরিদ, জাসাস বরিশাল মহানগর (দক্ষিণ)-এর সভাপতি এস, এম সাব্বির নেওয়াজ, দৈনিক নয়াদিগন্তের বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দীন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদ মো. ইমরান এর পিতা মো. নজরুল ইসলাম খলিফা প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং বরিশাল বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী-কলাকুশলী, বিভিন্ন শ্রোতাক্লাব ও তালিকাভুক্ত গোষ্ঠীর সদস্যসহ চার শতাধিক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




