― Advertisement ―

বন্যায় বিপর্যস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিল বাংলাদেশ

উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেপালের প্রধানমন্ত্রীর ‘দুর্যোগ ত্রাণ তহবিলে’ এই অর্থ বরাদ্দ করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক আনুষ্ঠানিকভাবে এই সহায়তার কথা জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বিশেষ চিঠি হস্তান্তর করেন। চিঠিটি নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের উদ্দেশে পাঠানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিকট প্রতিবেশী হিসেবে নেপালের এই কঠিন সময়ে বাংলাদেশ তাদের পাশে রয়েছে। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর সমবেদনা প্রকাশ করা হয়। বাংলাদেশের এই আর্থিক সহায়তা জরুরি উদ্ধার অভিযান এবং গৃহহারা মানুষদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। সেখানে তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নেপালের এই মর্মান্তিক ট্র্যাজেডিতে বাংলাদেশের জাতীয় সংসদও আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির ঘটনায় একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও সাংস্কৃতিক বন্ধুত্বের ধারাবাহিকতায় এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের এই ঐক্যবদ্ধ অবস্থান দক্ষিণ এশীয় অঞ্চলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।