― Advertisement ―

বন্যপ্রাণী পাচার রুখতে আফ্রিকার দানব ইঁদুর

বারিশাল মেইল: আফ্রিকার বৃহৎ থলি ইঁদুরগুলি এবার বন্যপ্রাণী পাচার রুখতে গন্ধ শনাক্ত করতে প্রশিক্ষিত হয়েছে। আগে থেকেই এই ইঁদুরগুলো বিস্ফোরক এবং যক্ষ্মা শনাক্ত করার দক্ষতার জন্য পরিচিত ছিল। সম্প্রতি গবেষকরা ইঁদুরগুলোকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে বিলুপ্তপ্রায় প্রাণী যেমন প্যাঙ্গোলিনের আঁশ, হাতির দাঁত, গণ্ডারের শিং, এবং আফ্রিকান ব্ল্যাকউড শনাক্ত করতে সক্ষম করেছেন। এসব প্রাণী ও উদ্ভিদ প্রজাতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং দ্রুত বিলুপ্তির হুমকিতে।

“আমাদের গবেষণায় দেখা গেছে, আফ্রিকার থলি ইঁদুরগুলোকে সহজেই অবৈধ বন্যপ্রাণী শনাক্তে প্রশিক্ষিত করা সম্ভব, এমনকি এগুলো বিভিন্ন পদার্থের মাঝে লুকানো থাকলেও,” জানালেন ওকেওনাস ফাউন্ডেশনের গবেষক ও গবেষণার প্রথম সহ-লেখক ডা. ইসাবেল জট। এই গবেষণাটি সাম্প্রতিক কালে ফ্রন্টিয়ার্স ইন কনজারভেশন সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণার আরেকজন প্রথম সহ-লেখক ডা. কেট ওয়েব, ডিউক বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক, জানান, “দীর্ঘ সময় পরেও এ ইঁদুরগুলো লক্ষ্যবস্তুর গন্ধ মনে রাখতে পারছে। এটি তাদের কগনিটিভ দক্ষতা উন্নতির ইঙ্গিত দেয়।”

বন্যপ্রাণী পাচারে ইঁদুরের ভূমিকা

কির্স্টি, মার্টি, অ্যাটেনবরো, আরউইন, বেটি, টেডি, আইভরি, এবনি, ডেসমন্ড, থোরো ও ফসির মতো প্রশিক্ষিত ইঁদুরগুলো ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ নিয়েছে। প্রথমে ইঁদুরগুলোকে ‘ইন্ডিকেশন ট্রেইনিং’-এর মাধ্যমে গন্ধ শনাক্ত করতে শেখানো হয়, যেখানে ইঁদুরগুলো লক্ষ্যবস্তুর গন্ধের উৎসের সামনে কিছুক্ষণ থেমে থাকে এবং এ সময় তাদেরকে রোডেন্ট প্যালেট দিয়ে পুরস্কৃত করা হয়।

পরবর্তী ধাপে, ইঁদুরগুলোকে লক্ষ্যবস্তু বাদে অন্যান্য গন্ধ যেমন বৈদ্যুতিক তার, কফি বিনস, এবং ডিটারজেন্টের গন্ধ থেকে আলাদা করতে শেখানো হয়। ফলে ইঁদুরগুলো সঠিক গন্ধ শনাক্ত করে সঙ্কেত দিতে পারে। গবেষকরা জানান, আটটি প্রশিক্ষিত ইঁদুর ১৪৬টি অপ্রাসঙ্গিক গন্ধের মাঝে অবৈধভাবে পাচারকৃত চারটি বন্যপ্রাণী প্রজাতির গন্ধ নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

প্রশিক্ষিত ইঁদুরের পরবর্তী অভিযান

গবেষক দল জানিয়েছে, ভবিষ্যতে এ ইঁদুরগুলোকে বন্দর এলাকায় কার্যকর করতে তাদের বিশেষভাবে ডিজাইন করা ভেস্ট পরানো হবে। ভেস্টে সংযুক্ত বল আকৃতির একটি বস্তু টেনে ইঁদুরগুলো তাদের লক্ষ্যবস্তু শনাক্তের সময় সঙ্কেত দিতে পারবে।

“বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে এই ইঁদুরগুলোর কার্যকর ভূমিকা বিশ্বব্যাপী মানব ও প্রকৃতির শোষণের বিরুদ্ধে সংগ্রামে সহায়ক হতে পারে,” জানান ডা. ওয়েব।

সূত্র: ফিজ.অর্গ