তরুণদের সুশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা কেবল বাংলাদেশের নয়, বরং বিশ্বমঞ্চের মূল্যবান সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তরুণ সমাজকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের প্রধান মূলধন হিসেবে আখ্যায়িত করেন তিনি।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ের ‘আলোকি’-তে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, সরকার এই লক্ষ্য অর্জনকে কেবল মুখের কথায় সীমাবদ্ধ রাখতে চায় না, বরং বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আর এ কাজের জন্য সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও একাত্মতা প্রয়োজন।
দেশের ‘জনমিতিক লভ্যাংশ’ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে ডা. জাহিদ প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি কারিগরি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান। একই সাথে তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে এবং পুঁজির অভাব দূর করতে দেওয়া হচ্ছে সিড মানি। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে জাতীয় বাজেটে ৫০০ কোটি টাকার ‘স্টার্ট-আপ ফান্ড’ বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা পরিবর্তিত কর্মবাজারের চাহিদার সাথে মিল রেখে প্রাসঙ্গিক দক্ষতা উন্নয়ন ও কৌশলগত নেটওয়ার্কিং বাড়ানোর পরামর্শ দেন। তরুণদের কেবল শিক্ষার্থী বা কর্মী না হয়ে নেতৃত্বদানকারী ও ইতিবাচক পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন-এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব জাওয়াদ আজাউই, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।



