বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার লক্ষ্যে রাজধানীতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী থাই বাণিজ্য প্রদর্শনী। ঢাকায় অবস্থিত রয়্যাল থাই এম্ব্যাসির অফিস অব কমার্শিয়াল অ্যাফেয়ার্স-এর উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্যিক) আনুসর্ন কৌতিপিভিতায়া।
মেলার আয়োজকেরা জানান, আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় এই বাণিজ্যিক প্রদর্শনীর একবিংশতম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে “টপ থাই ব্র্যান্ডস ২০২৬” (Top Thai Brands 2026) শিরোনামে। রাজধানীর বিখ্যাত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আগামী ২৩ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী ২৩ জুলাই দুপুর ১টায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে আয়োজিত হবে।
সংবাদ সম্মেলনে সংবাদিকদের উদ্দেশ্যে থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর আনুসর্ন কৌতিপিভিতায়া বলেন, “যেকোনো বাণিজ্যিক মেলা দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করার অন্যতম কার্যকর পথ। বাংলাদেশ ও থাইল্যান্ড দুটি ঐতিহাসিক মিত্র দেশ। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের বাণিজ্য প্রদর্শনীর মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে বাণিজ্যিক সুযোগ-সুবিধা প্রসারিত করেছে এবং পারস্পরিক ব্যবসায় নতুন গতি এনেছে।”
চলতি বছরের এই মাইলফলক প্রদর্শনীতে মোট ৫৭টি শীর্ষস্থানীয় থাই প্রতিষ্ঠান এবং তাদের বাংলাদেশী আমদানিকারক ও স্থানীয় এজেন্টরা অংশ নিচ্ছেন। এতে থাইল্যান্ডের প্রিমিয়াম মানের খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা ও ওয়েলনেস, ফ্যাশন ও প্রসাধনী, গৃহনির্মাণ সামগ্রী, কেমিক্যাল ও লুব্রিকেন্ট, স্টেশনারি এবং শিশু যত্ন সামগ্রীসহ নানা বৈচিত্র্যময় পণ্য প্রদর্শিত হবে। এ ছাড়া থাই ও বাংলাদেশী ব্যবসায়ীদের সরাসরি বাণিজ্যের সুযোগ তৈরি করতে মেলায় ‘বিজনেস ম্যাচমেকিং সেশন’-এর বিশেষ আয়োজন থাকছে, যা দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক তৈরিতে সহায়তা করবে।
বাণিজ্যিক বেচাকেনা ও বৈঠকের পাশাপাশি প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের বিনোদনের জন্য তিন দিনব্যাপী চোখধাঁধানো সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এর মধ্যে অন্যতম আকর্ষণ থাই ঐতিহ্যবাহী নৃত্য, থাই মার্শাল আর্ট ‘মুয়াই থাই’ (Muay Thai) প্রদর্শনী, ট্র্যাডিশনাল ফ্যাশন শো এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। একই সাথে মেলার অংশ হিসেবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল প্রাঙ্গণে বিশেষ থাই ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে, যেখানে খাঁটি ও ঐতিহ্যবাহী থাই খাবারের স্বাদ নিতে পারবেন দর্শনার্থীরা।



