আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্যায় এখন পর্যন্ত শিশুসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বেঁচে থাকা মানুষদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা কাজ করছেন। আরো কতজন নিখোঁজ রয়েছেন তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। খবর সিএনএনের।
এদিকে হোয়াইট হাউস জাতীয় আবহাওয়া পরিষেবার বাজেট কর্তনের ফলে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর এখনো উদ্ধারকারী দলগুলো কাদামাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যদিও নতুন করে কারো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যেই ওই অঞ্চলে আরো বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে ৮৪ জনই কের কাউন্টির বাসিন্দা।
‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি খ্রিস্টান বালিকাশিবির নিশ্চিত করেছে যে, তাদের অন্তত ২৭ জন শিক্ষার্থী ও কর্মী প্রাণ হারিয়েছেন। এখনো ১০ জন মেয়ে শিক্ষার্থী এবং একজন ক্যাম্প কাউন্সেলর নিখোঁজ রয়েছেন।
কাউন্টি কর্মকর্তারা জানান, নদীর কাছে অবস্থিত ক্রিশ্চিয়ান ইয়ুথ ক্যাম্প থেকে ২৭টি শিশু নিখোঁজ হয়েছে। তাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।



