― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

টেকসই কৃষিতে মিথেন নিঃসরণ কমাতে সরকারি নেতৃত্বের আহ্বান আইএফএডি-র

বাংলাদেশে জলবায়ু-সহনশীল ও স্বল্প-নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তুলতে প্রথাগত গবেষণালব্ধ জ্ঞানকে দ্রুত নীতি, সরকারি কর্মসূচি ও কার্যকর বিনিয়োগে রূপান্তরের জন্য জোরালো নেতৃত্বের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি)।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাজধানীর ‘আমায়ারি ঢাকা’ হোটেলে আইএফএডি আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা ও স্বল্প-নিঃসরণ কৃষির জন্য মিথেন হ্রাস ত্বরান্বিতকরণ’ শীর্ষক এক নীতিনির্ধারণী সংলাপে এই আহ্বান জানানো হয়। সংলাপে সরকারি প্রতিনিধি, গবেষক, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং কৃষক প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল বলেন, “আইএফএডি আমাদের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার। বিনিয়োগের পাশাপাশি কৃষি ও পরিবেশবান্ধব কৃষিতে তাদের বৈশ্বিক অভিজ্ঞতা রয়েছে। এই জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই জাতীয় উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তিনি জমি, জীবন ও জীবিকার আন্তঃসম্পর্কের ওপর জোর দিয়ে পরিবেশগত ভারসাম্য বজায় রেখে কৃষকদের বাস্তব চাহিদা পূরণের আহ্বান জানান।

আইএফএডি-র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ভ্যালেনটাইন আচানচো বিচ্ছিন্ন উদ্যোগের বাইরে গিয়ে সুসংহত পদক্ষেপের তাগিদ দিয়ে বলেন, “সরকারকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে এবং সহযোগীদের সেই নেতৃত্বের অধীনে সমন্বয় করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি সুনির্দিষ্ট জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা, বিচ্ছিন্ন কিছু পাইলট প্রকল্প চালানো নয়।”

নীতিনির্ধারণী সংলাপে বিকল্প সেচ পদ্ধতি (অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইয়িং), গুঁটি ইউরিয়ার ব্যবহার, স্মার্ট সেচ, ডিজিটাল কৃষি, গবাদিপশু থেকে মিথেন হ্রাস, জলবায়ু অর্থায়ন, কার্বন বাজার এবং বিশ্বস্ত পরিমাপ ও যাচাইকরণ (এমআরভি) পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনায় জলবায়ু প্রতিশ্রুতি (এনডিসি) বাস্তবায়ন, মাঠপর্যায়ের সম্প্রসারণ সেবা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়।

সংলাপটিতে মিথেন হ্রাস প্রযুক্তি, জলবায়ু অর্থায়ন, ডিজিটাল সেচ এবং সম্প্রসারণ মডেল—এই চারটি মূল বিষয়ের ওপর পৃথক ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হয়। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও মাঠপর্যায়ে গবেষণার লক্ষ্যে পরিচালিত আইএফএডি-র ‘রেডিউসিং অ্যাগ্রিকালচারাল মিথেন প্রোগ্রাম’ (র‍্যাম্প)-এর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই সংলাপটি আয়োজিত হয়। আয়োজনের সমাপনীতে আইএফএডি একটি সরকার-নেতৃত্বাধীন রূপরেখা তৈরি ও কার্যকর পরিমাপ ব্যবস্থার জোর তাগিদ দেয়।