নিজস্ব প্রতিবেদক: আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল নগরীর রসুলপুর চরে ১৪তম শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

এবার শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভাষা শহীদদের স্মরণ করতে রসুলপুর চরে শিশু কিশোরেরা প্রায় ২৫টি শহীদ মিনার নির্মাণ করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিত্রাংকন প্রতিযোগিতা ও শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতার বিচারকাজে অংশ নেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক রণজিৎ মল্লিক, বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষক ইসরাত জাহান লিপি, সংস্কৃতিজিন মোস্তাফিজুর রহমান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহরের জাঁকজমকপূর্ণ ভাষা দিবসের আয়োজনের ছোঁয়া রসুলপুরের মত প্রান্তিক এলাকার শিশুদের কাছে পৌঁছায় না।

সেইদিক থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘ ১৪ বছর ধরে নিরলসভাবে রসুলপুরে দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে এই ধারাবাহিক আয়োজন করছে।
কাঁচা হাতে টিফিনের পয়সা বাঁচিয়ে মাটি-কাঠ দিয়ে গড়া এসব শহীদ মিনার শিশুদের মধ্যে নিশ্চিতভাবেই ইতিহাসসচেতনতা ও দেশপ্রেম জন্ম দেবে।
বক্তারা রসুলপুরের প্রাথমিক বিদ্যালয়ে সরকারি উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করাসহ সকল নিম্নবিত্ত কলোনীতে সরকারি উদ্যোগে পাঠাগার নির্মাণ ও সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর দাবি জানান।
একইসাথে বক্তারা বলেন, একুশের চেতনা থেকে প্রেরণা নিয়েই ২০২৪ এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের বৈষম্য দূর করার চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন সম্ভব।
আলোচনাসভা শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা ।
উল্লেখ্য,বিগত ১৪ বছর যাবত প্রতি ২১ ফেব্রুয়ারিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কর্তৃক রসুলপুর কলোনীতে এটি আয়োজিত হয়ে আসছে।
বিএম/জ/রা



