খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপির প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, পাহাড়ের উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন, তার সবকিছুই করা হবে। ওয়াদুদ ভূইয়া ভোটারদের উদ্দেশে বলেন, অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এবং তাঁর বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণের এক মিনিটের বেশি সময় লাগবে না।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন দুপুর থেকে ওয়াদুদ ভূইয়া পানছড়ির চৌধুরী পাড়া, লোগাং বাজার, কোলনী পাড়া, বটতলী দমদম এবং মুসলিম নগরসহ বেশ কিছু এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। পথসভাগুলোতে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, পাহাড়ে দীর্ঘদিনের বঞ্চনা ও অস্থিরতা দূর করতে হলে ধানের শীষের জয়ের বিকল্প নেই। এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন এবং টেকসই অবকাঠামোগত উন্নয়নের জন্য তিনি পুনরায় সুযোগ প্রার্থনা করেন। তাঁর উপস্থিতিতে এলাকাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পথসভাগুলোতে পানছড়ি উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ওয়াদুদ ভূইয়া তাঁর বক্তব্যে পাহাড়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, কেবল অবকাঠামো নয়, মানুষের হৃদয়ের মেলবন্ধন তৈরি করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। জিয়া নগর, ফাতেমা নগর ও হাসান নগর এলাকায় আয়োজিত সমাবেশগুলো এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। নির্বাচনী এই প্রচারণায় তিনি শান্তি ও উন্নয়নের এক নতুন রূপরেখা তুলে ধরেন।



