ডেস্ক রিপোর্ট : ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের।
এ অবস্থায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।
এর একদিন পর নিজের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন তিনি।
আজ (বুধবার) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সম্পদের বিবরণী প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলামের ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে দেওয়া হলো,
নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লেখেন, ‘উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না।
২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।
উক্ত হিসাবে ১০,০৬, ৮৮৬ (দশ লাখ ছয় হাজার আট শত ছিয়াশি) টাকা জমা হয়েছে এবং ৯,৯৬, ১৮৮ (নয় লাখ ছিয়ানব্বই হাজার এক শত আটাশি) টাকা উত্তোলিত হয়েছে।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই।’
নাহিদ ইসলাম আরও লেখেন, ‘উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী, মা, বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।’
বিএম/জ/রা



