― Advertisement ―

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরান থেকে বিতাড়িত হয়ে আফগানিস্তানে ফিরে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭১ জন আফগান নাগরিক। আফগান নাগরিকদের বহনকারী বাসটি আফগানিস্তানের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসে থাকা ১৭ শিশুসহ অন্তত ৭১ জন আরোহী প্রাণ হারান। খবর আলজাজিরার।

আফগান প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বাসটির সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

এ বাস দুর্ঘটনার এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরো আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান রয়েছেন।


হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্তক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল।

হেরাত প্রদেশের পুলিশ বলছে, গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। ‘অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার’ কারণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের স্বজনদের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান থেকে বিপুল সংখ্যক আফগান অভিবাসীদের নির্বাসিত করা হচ্ছে। তাদের ইরান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।

আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেন, বাস দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা ইরান থেকে বিতাড়িত হয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।