নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, ইতোমধ্যেই এ বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্তে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের নাম উঠে এলে তাদের বিরুদ্ধেও আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, “এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই (তদন্ত) শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও সামনে আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দল এর সাথে ইনভলভ (যুক্ত) আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
বিচারে দোষী সাব্যস্ত হলে কি সাজা হবে? এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, দলকে তো আর সাজা দেওয়া যাবে না। কিন্তু দলকে কী ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে। যেমন— দলকে নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়া বা তাদের নেতাকর্মীর ব্যাপারে কোনো নির্দেশনা ইস্যু করা। এসব আইনে রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর আওয়ামী লীগের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এতে বলা হয়, গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলীয় জোটকেও দায়ী করা হয়।



