― Advertisement ―

থাইল্যান্ডে ভারি বৃষ্টি ও বন্যায় ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডে কয়েকদিন ধরে চলা টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর আগে, সোমবার ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল দেশটির সরকার।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থাইল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন যে, তাদের উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তরপূর্বাঞ্চলের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশ বন্যার কবলে পড়েছে।

সব মিলিয়ে দেশটির ১৯টি প্রদেশের প্রায় পৌনে চার লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উত্তরাদিত এবং আয়ুথায়ার বাসিন্দারা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ অবস্থায় দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে থাইল্যান্ড সরকার। এর আগে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার জরুরি ত্রাণ তৎপরতা শুরু করার নির্দেশ দেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।