ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর দৌড়গোড়ায় পৌঁছেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু হবে।
স্টারলিংকের প্রায় ৭ হাজার স্যাটেলাইট ইতোমধ্যে পৃথিবীর কক্ষপথে সচল রয়েছে, যা প্রত্যন্ত অঞ্চলেও সরাসরি ইন্টারনেট সেবা দিতে সক্ষম। গ্রাহকরা স্টারলিংকের কিটের মাধ্যমে সর্বোচ্চ ২২০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে উচ্চমূল্যের কারণে বাংলাদেশি গ্রাহকদের মধ্যে এই সেবার চাহিদা কতটুকু থাকবে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় রয়েছে।
বিটিআরসির খসড়া নীতিমালায় স্টারলিংকের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে লাইসেন্স আবেদন ফি ৫ লাখ টাকা, রাজস্ব ভাগাভাগির হার ৫.৫ শতাংশ, দেশে নিজস্ব আর্থ স্টেশন স্থাপন এবং স্থানীয় ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার বাধ্যবাধকতা।
বিটিআরসির চেয়ারম্যান জানিয়েছেন, নীতিমালা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা চলতি সপ্তাহের মধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে বাংলাদেশেও স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের নতুন যুগ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বিএম/সজীব



