বরিশাল মেইল ডেস্কঃ
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সংসার ভাঙলো দুবাইয়ের রাজকুমারীর। মরু শহরের শাসকের মেয়ে শেখ মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইনস্টাগ্রামে একটি বিস্ফোরক পোস্টে তালাক-এর ঘোষণা দিলেন। দু-মাস আগেই মা হয়েছেন মাহরা, অথচ স্বামী ডুবে রয়েছেন অন্য নারীদের নিয়ে। ধৈর্য্যের বাঁধ ভাঙল মাহরার।
ইনস্টাগ্রাম পোস্টেই তিনিই স্বামীকে ‘তালাক’ দিলেন। সেখানে লেখা, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সাথে ব্যস্ত আছেন, তাই আমি এতদ্বারা আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম এবং তোমাকে তালাক দিলাম। যত্ন নিও। পোস্টের শেষে দুবাইয়ের রাজকন্যা লেখেন, ‘ ইতি তোমার প্রাক্তন স্ত্রী।’
ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে সমস্ত ছবিও মুছে ফেলেছেন মাহরা। গত বছরের মে মাসে তিনি আমিরাতি ব্যবসায়ী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেন। একই রাজপরিবারের সদস্য রশিদ। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। এক বছর পর তাদের একটি কন্যা সন্তান হয়। বছর কুড়ির শেখ মানার একাধিক ব্যবসায়িক উদ্যোগ রয়েছে।
চলতি বছরের মে মাসে দুবাইয়ের রাজকুমারী সন্তান প্রসবের কিছুক্ষণ পর হাসপাতাল থেকে ছবি প্রকাশ করেছিলেন। সেই সময় মাহরার পাশেই দেখা মিলেছিল স্বামীর।



