নিজস্ব প্রতিবেদক :
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে আজ সোমবার (১৪ জুলাই) বৃষ্টি আরও বাড়তে পারে৷
এর প্রভাবে আগামীকাল মঙ্গলবার (১৫ জুলাই) সারাদেশে বিস্তৃত হয়ে পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গতকাল সকাল থেকেই কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয় ।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর এবং নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
অতি ভারীবর্ষণের কারণে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে গণমাধ্যম কে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
তিনি বলেন, লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
টিবিএম/জ/রা



