ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পরপরই ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার মাধ্যমে ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনা করেছেন তিনি। বাংলাদেশের সময় রাত ১১টায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রথম দিনেই তিনি একটি নির্বাহী আদেশ জারি করতে পারেন, যার মাধ্যমে প্রায় ৫০ হাজার সরকারি কর্মকর্তার চাকরির সুরক্ষা বাতিল করা হবে। তাদের জায়গায় ট্রাম্পের অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
‘ডিপ স্টেট’ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে। এটি কোনও নির্দিষ্ট কাঠামো নয় বরং প্রভাবশালী গোষ্ঠী, যারা সরকারের ক্ষমতা নিজেদের স্বার্থে ব্যবহার করে। তবে তারা সরাসরি নিয়ন্ত্রণের বাইরে থেকে কাজ করে, যার দায় পড়ে রাষ্ট্র ও সরকারের ওপর।
প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে ট্রাম্প প্রশাসন হাজার হাজার রাজনৈতিক নিয়োগ পূরণে তৎপর হবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ তিন কর্মকর্তার পদত্যাগ চাওয়ার মাধ্যমে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তার দল।
ট্রাম্পের সমর্থকদের দাবি, প্রথম মেয়াদে তার পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিয়েছিল সরকারি সংস্থাগুলোর অসহযোগী আমলারা। এবার এই বাধা দূর করতেই তার এই কৌশল। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই উদ্যোগ দেশটির প্রশাসনে গভীর প্রভাব ফেলতে পারে। সূত্র: রয়টার্স
বিএম/সজীব



