ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলায় দুই বছরের একটি গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বাসিন্দা, যার নাম কানুভাই গোন্ডালিয়া।
ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, স্থানীয় গবাদিপশু পালনকারী মেরখিভাই চাভদার একটি গরু হঠাৎ খামার থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় শ্মশানঘাটের কাছে অভিযুক্ত গোন্ডালিয়াকে ওই গবাদিপশুটির সঙ্গে অনৈতিক অবস্থায় দেখতে পান মালিক। এ সময় উপস্থিত আরেকজন প্রত্যক্ষদর্শী ঘটনাটির ভিডিও ধারণ করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে পশুর মালিক চাভদা স্থানীয় থানা-পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ ‘প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০’-এর ১১(১)(এ) ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত গোন্ডালিয়াকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
রাজকোট জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ভিডিও ফুটেজ আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ভারতীয় আইনে প্রাণীদের প্রতি অমানবিক আচরণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। আইনানুযায়ী দ্রুতই অভিযুক্তকে আদালতে হাজির করে পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



