আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার ভেতরে হামলা চালানোয় ইউক্রেনকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
পেন্টাগন থেকে ইউক্রেনকে জানানো হয়েছে, যদি ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা করতে চায়, তবে যেন মার্কিন অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মূল ভূখন্ডে হামলা চালাতে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবাহারের অনুমতি চেয়েছিল ইউক্রেনীয় বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন সামরিক কমান্ড তাদের অনুমতি দেয়নি।
পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় সেনাদের দুইট কারণে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমোতি দেওয়া হয়নি। প্রথমত, প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাতের মাত্রা কমিয়ে আনার পক্ষে। দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এমতাবস্থায় যদি ইউক্রেন রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলা শুরু করে, তবে যুদ্ধাবসানের যাবতীয় প্রচেষ্টা ভেস্তে যাবে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট জো বাইডেন আমলের শেষদিকে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু শর্ত ছিল, এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হলে অবশ্যই মার্কিন সামরিক কমান্ডের অনুমতি নিতে হবে।
এদিকে, পুতিন, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, অল্প সময়ের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে তিনি আশাবাদী।



