আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা নামক একটি উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর থেকে প্রশাসন্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই জাপানের হোক্কাইডোতে সুনামির প্রথম আঘাত এসেছে বলে জানা গেছে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, জাপান সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং যেকোনও উদ্ধার তৎপরতায় “মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার” দেওয়া হবে। এখন পর্যন্ত জাপানে ক্ষয়ক্ষতির নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
তবে যেসব এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় যেতে এবং উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটি রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৭৮ মাইল বা ১২৬ কিলোমিটার দূরে ভূগর্ভের ১৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্যাসিফিক অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে।
দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও জানিয়েছেন যে ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।



