অনলাইন ডেস্কঃ ইয়েমেন উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। আট ঘণ্টাব্যাপী এই হামলায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পেন্টাগন।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। হুথিদের দাবি, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন এবং দুটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে এই হামলা চালায়।
পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার জানিয়েছেন, “বাব-আল-মান্দেব প্রণালী অতিক্রমের সময় সেন্টকম বাহিনী ইরান-সমর্থিত হুথিদের একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে।” তিনি আরও জানান, ইউএসএস স্টকডেল এবং ইউএসএস স্প্রুয়েন্স নামের দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে অন্তত আটটি ড্রোন, পাঁচটি ব্যালিস্টিক মিসাইল এবং তিনটি ক্রুজ মিসাইল দিয়ে হামলা করা হয়।
তিনি বলেন, “সবগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। এতে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বা কোনো নাবিক আহত হননি।”
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, প্রথম হামলায় আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়। দ্বিতীয় হামলায় লোহিত সাগরে অবস্থানরত দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়।
হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও গালফ অব এডেনে ইসরায়েল-সংক্রান্ত জাহাজে হামলা চালাচ্ছে। তবে তারা বাণিজ্যিক জাহাজেও হামলার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এই ধরনের হামলায় চারজন নাবিক নিহত এবং দুটি জাহাজ ডুবে গেছে বলে জানা যায়।
মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথি নিয়ন্ত্রিত এলাকায় বারবার বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সর্বশেষ হামলায় মার্কিন বি-২ বোমারু বিমান হুথি অস্ত্রাগারে আঘাত হানে।



