― Advertisement ―

বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডার ওপর শুল্ক বাড়িয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরো ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে তিনি এক কাজ করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য সংবলিত বিজ্ঞাপনটি প্রচার করে কানাডার অন্টারিও রাজ্য।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগেই এটি সরিয়ে না ফেলায় কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প তার পোষ্টে লিখেছেন, তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং বৈরি আচরণের জন্য কানাডা এখন যা দিচ্ছে, আমি তার চেয়ে ১০ শতাংশ বেশী শুল্ক বৃদ্ধি করছি।
তিনি গত বৃহস্পতিবার কানাডার সাথে আলোচনা থেকে সরে যাওয়ার পর অন্টারিও রাজ্য সরকারের প্রধান ডগ ফোর্ড জানান তিনি ওই বিজ্ঞাপনটি প্রত্যাহার করবেন।

তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার পর ওই সিদ্ধান্তের কথা জানান ‘যাতে বাণিজ্য আলোচনা শুরু হতে পারে’। ডগ ফোর্ড অবশ্য বলেছেন, বিজ্ঞাপনটি সাপ্তাহিক ছুটির সময়ে, এমনকি ওয়ার্ল্ড সিরিজ গেমসের সময়েও চলবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া কয়েকটি খাতের কানাডীয় পণ্যের ওপর সুনির্দিষ্ট শুল্কও চাপিয়েছেন ট্রাম্প।