ডেস্ক রিপোর্ট
বাংলাদেশে গুম, খুন, গোপন আটক ও নির্যাতনের অভিযোগে গত ৯ অক্টোবর ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আদালত আনুষ্ঠানিক এই অভিযোগ দাখিল করায় সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিও)।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংস্থাটি এক প্রতিবেদনে প্রতিক্রিয়া জানিয়েছে। এ নিয়ে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি একটি প্রতিবেদন লেখেন। প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে—‘ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ’।
এর আগে বাংলাদেশে গোপনে আটক রাখা ও গুম করা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল উল্লেখ করে এইচআরডব্লিউ বলেছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেই প্রতিবেদনকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছিলেন। বেশির ভাগ ‘নিখোঁজ’ ব্যক্তি সম্পর্কে তিনি বলেছিলেন, তারা গ্রেপ্তারের হাত থেকে পালিয়ে বেড়ানো অপরাধী, ঋণখেলাপি কিংবা প্রতারক।
প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও বাক্স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা বেড়েছে। সরকার সাধারণত এসব অভিযোগ অস্বীকার করেছে বা মিথ্যা আশ্বাস দিয়েছে। এরপর ২০২৪ সালের আগস্টে তিন সপ্তাহের টানা আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার পর হাসিনা সরকারের পতন ঘটে।
মীনাক্ষী বলেন, গতকাল আদালতে উপস্থিত ছিলেন সেইসব পরিবারের সদস্যরা, যাদের ঘটনা আমরা নথিভুক্ত করেছিলাম। তাদের মধ্যে একজন হলেন মীর আহমদ বিন কাসেম (আরমান নামে পরিচিত)। ২০১৬ সালে নিখোঁজ হওয়ার মাত্র কয়েক দিন আগে তিনি আমাকে উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছিলেন। তাকে সামরিক গোয়েন্দা সংস্থার গোপন আটককেন্দ্রে আট বছর আটকে রাখা হয়। হাসিনার সরকার পতনের পরই তিনি মুক্তি পান।



