― Advertisement ―

ভারতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর রপ্তানি বেড়েছে ১৫১%; বৈশ্বিক বাজারে বেসরকারি খাতেরও বড় লাফ

বিশ্বজুড়ে প্রতিরক্ষা সরঞ্জাম ও সমরাস্ত্র উৎপাদনের অন্যতম শক্তিশালী এবং স্বনির্ভর কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে ভারত। আন্তর্জাতিক ভূ-রাজনীতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশটি সমরাস্ত্র রপ্তানিতে সর্বকালের নতুন রেকর্ড গড়েছে। সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ভারত বিশ্ববাজারে রেকর্ড ৩৮ হাজার ৪২৪ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে। বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী অর্থবছরের তুলনায় এই খাতে দেশটির আয় এক লাফে ৬২ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ভারতের প্রতিরক্ষা খাতের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

নথিপত্র বিশ্লেষণ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত বছরে প্রায় ১৪ হাজার ৮০২ কোটি টাকা বাড়তি বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। একই সময়ে ভারতের নিজস্ব অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদনের মোট আর্থিক মূল্য ১ দশমিক ৭৮ লক্ষ কোটি টাকার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। এই রেকর্ড রপ্তানি আয়ের সিংহভাগ তথা ৫৪ দশমিক ৮৪ শতাংশ এসেছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা উৎপাদন সংস্থাগুলো (ডিপিএসইউ) থেকে। অন্যদিকে ভারতের উদীয়মান বেসরকারি খাত থেকে এসেছে অবশিষ্ট ৪৫ দশমিক ১৬ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলোর রপ্তানি নজিরবিহীনভাবে ১৫১ শতাংশ এবং বেসরকারি খাতের রপ্তানি ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষক ও সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘আর্মোরির’ প্রতিষ্ঠাতা অমরদীপ সিং এই বৈপ্লবিক পরিবর্তন প্রসঙ্গে বলেন, নতুন এই রেকর্ড ভারতের সমরাস্ত্র খাতের গভীর কাঠামোগত পরিবর্তনেরই বাস্তব প্রতিফলন। বিশ্বজুড়ে যুদ্ধকৌশলের ধরন এখন বদলে গেছে; আধুনিক যুদ্ধ এখন অনেক বেশি দ্রুতগতির, নির্ভুল এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। ড্রোন, সাইবার সিকিউরিটি সিস্টেম, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চালিত নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, সমরাস্ত্রে নিজস্ব সক্ষমতা অর্জন এখন ভারতের কৌশলগত পছন্দের চেয়ে জাতীয় প্রয়োজনেই বেশি রূপান্তরিত হয়েছে। ভারত এখন সফটওয়্যার ও সেন্সরের মতো প্রতিটি স্তরে নিজেদের সক্ষমতা বিশ্বদরবারে জানান দিচ্ছে।

প্রতিরক্ষা যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কেডিএআইইএল) ব্যবস্থাপনা পরিচালক অঙ্কুর শাহ বলেন, রেকর্ড উৎপাদন ও রপ্তানির এই জোয়ার প্রমাণ করে যে ভারতের প্রতিরক্ষা খাত এখন নির্দিষ্ট আঞ্চলিক গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, বিগত মাত্র পাঁচ বছরের ব্যবধানে ভারতের প্রতিরক্ষা রপ্তানি আয় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে যেখানে ভারতের প্রতিরক্ষা খাতের মোট আয় ছিল মাত্র ১২ হাজার ৮০০ কোটি টাকা, ২০২৬ সালে এসে তা ৩৮ হাজার কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে। মূলত ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি এবং প্রযুক্তির নিজস্ব উদ্ভাবনই ভারতকে আমদানিকারক দেশ থেকে বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষ সমরাস্ত্র রপ্তানিকারক দেশে রূপান্তর করেছে।