ডেস্ক রিপোর্ট :
বরিশালে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন গ্রাহকদের সংগঠন বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার বরিশাল সদরে তারা বিক্ষোভ-সমাবেশ করেছেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন পরিষদের নেতারা।
আজ দুপুরে সদর রোডে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এতে বিদ্যুৎ গ্রাহক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় সমাবেশে তাঁরা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার, বিদ্যুৎ খাতের সংস্কার, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের আহ্বানও জানান।
সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক ও গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ বলেন, বিদ্যুৎ খাত থেকে রেন্টাল, কুইক রেন্টালের নামে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটেরা বাহিনী ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিদ্যুৎ খাতে ৭৯ হাজার কোটি টাকার দায়-দেনা রেখে পালিয়েছেন শেখ হাসিনা। এসব অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশ করার জন্য তাঁরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এটা দুঃখজনক। জনগণের টাকা লোপাটের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।



