আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে ইসরায়েলবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে আজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের তথ্যমতে, নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ সদস্য, তিনজন বিক্ষোভকারী এবং একজন পথচারী।
ঘটনাটি ঘটে লাহোর থেকে ইসলামাবাদগামী ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে’, পাকিস্তানের সবচেয়ে ব্যস্ত মহাসড়কগুলোর মধ্যে এটি একটি। ইসরায়েলবিরোধী বিক্ষোভের ডাক দেয় পাকিস্তানের কট্টর ইসলামপন্থী দল তেহরিক-ই-লাবাইক (টিএলপি), যারা আগেও বহুবার সহিংস বিক্ষোভ করেছে।
পুলিশ জানায়, পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালালে টিএলপি সদস্যরা গুলি চালায় এবং ৪০টির বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
অপরদিকে টিএলপি অভিযোগ করেছে, পুলিশই প্রথম গুলি চালিয়েছে, যাতে তাদের কয়েকজন নিহত ও আহত হয়। দলের নেতা সাদ রিজভিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় সংগঠনটি; তার শরীরে তিনটি গুলির ক্ষত রয়েছে।



