ডেস্ক রিপোর্টঃ ইউরোপের দেশ ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে প্রথমবারের মতো মামলা হয়েছে। রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে শুক্রবার (২৪ জানুয়ারি) দুই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা গত বছরের জুন মাসে কোপেনহেগেনের জনসমাগমপূর্ণ এক স্থানে কোরআন অবমাননার ঘটনায় জড়িত ছিলেন। এ সময় সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নানা মতাদর্শের মানুষ উপস্থিত ছিলেন। তাদের এই কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ করা হয়েছে।
কোপেনহেগেনের শীর্ষ প্রসিকিউটর লাইস-লোটে নিলাস এক বিবৃতিতে জানান, এই ঘটনাটি জনসমক্ষে সংঘটিত হয় এবং এটি ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছিল। মামলার অন্যতম প্রধান কারণও এটি।
ডেনমার্কের জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই মামলার খবর প্রকাশ করলেও অভিযুক্তদের নাম ও আদালতের সুনির্দিষ্ট পরিচয় গোপন রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের জুন ও জুলাই মাসে ডেনমার্কে একাধিকবার কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। তবে সে সময় দেশটির প্রচলিত আইনে এটি অপরাধ হিসেবে গণ্য না হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার পর ডেনমার্ক সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
এরই ধারাবাহিকতায়, ২০২৩ সালের ৭ ডিসেম্বর ডেনমার্কের পার্লামেন্ট নতুন আইন পাস করে, যেখানে জনসমক্ষে কোরআন পোড়ানো, ছেঁড়া বা অবমাননা করা এবং সেই ঘটনার ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়। এই নতুন আইনের অধীনেই দেশটিতে প্রথমবারের মতো কোরআন অবমাননার অভিযোগে মামলা করা হলো।
বিএম/সজীব



