নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ,জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন,আশা করছি ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছবে।
সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কেও তাকে জানান ড. মুহাম্মদ ইউনূস।
মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের উন্নয়ন এবং সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে সরকারকে সমর্থন করার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের প্রত্যেকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মায়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
এ সময় এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
বিএম/জ/রা



