― Advertisement ―

চীনা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বরখাস্ত হলেন মার্কিন কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক

চীনের এক নারীর সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়ে এবং সেই তথ্য গোপন করায় স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল বুধবার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। এটি ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর স্বাক্ষরিত নির্বাহী আদেশের অধীনে নেওয়া প্রথম বরখাস্তের ঘটনা।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে একজন ফরেন সার্ভিস অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করেছে। যিনি স্বীকার করেছেন, তিনি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত একজন চীনা নাগরিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গোপন করেছিলেন।

টমি পিগট আরো জানিয়েছে, ওই কর্মকর্তা ক্যামেরার সামনে স্বীকার করেছেন, চীনা নারীটি ‘গোয়েন্দা হতে পারেন,’ তবে কোনো গুপ্তচরবৃত্তির প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা আরো বলেছেন, তার সঙ্গিনীর বাবা ছিলেন ‘একজন খাঁটি কমিউনিস্ট পার্টির সদস্য।’

স্টেট ডিপার্টমেন্ট জানায়, প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন, সব সরকারি কর্মচারীকে ‘প্রেসিডেন্টের নীতিমালা সততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।’

পিগট বলেন, ‘আমরা জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার মতো কোনো কর্মকাণ্ডে জড়িত কর্মচারীর ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখব।’

সূত্র: এএফপি