― Advertisement ―

কাতার থেকে বিলাসবহুল জেট ‘উপহার’ পাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
কাতারের রাজপরিবার থেকে বিলাসবহুল একটি জেট বিমান ‘উপহার’ পাচ্ছেন ট্রাম্প। এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, উপহার হিসেবেই এই জেট বিমান হস্তান্তর করছে কাতার। গতকাল রবিবার (১১ মে) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ এক পোস্টে একে ‘উপহার’ হিসেবেই উল্লেখ করেছেন। তবে এ জেট দেওয়াকে কেন্দ্র করে নানা আলোচনা সমালচনা চলছে দুনিয়া জুড়ে।

ট্রাম্প লিখেছেন, ‘৪০ বছরের পুরোনো এয়ার ফোর্স ওয়ান-এর পরিবর্তে, সম্পূর্ণ বিনামূল্যে, তারা (কাতার) আমাদের প্রতিরক্ষা বিভাগকে একটি ৭৪৭ বিমান উপহার দিচ্ছে। এই পোষ্ট দেখেই ডেমোক্র্যাটরা ভীষন বিরক্ত হয়েছেন।’

এদিকে এক বিবৃতিতে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি উপহার হিসেবে নয় বরং ‘সাময়িক ব্যবহারের’ জন্য দেওয়া নিয়ে আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করা কাতারের এক মুখপাত্র বলেন, ‘বিষয়টি এখনো কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আইনি বিভাগে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বিমান হস্তান্তরের বিষয়টি আইনগত ও নৈতিকভাবে নানা প্রশ্নের জন্ম দিতে পারে। কারণ, কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছ থেকে উপহার গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কড়া আইন ও নীতিমালা রয়েছে।

আইনি বিষয় নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘বিদেশি সরকার থেকে যে কোনো উপহার সম্পূর্ণ আইন মেনে গ্রহণ করা হয়। ট্রাম্প প্রশাসন স্বচ্ছতার প্রতি অঙ্গীকারবদ্ধ।’