ডেস্ক রিপোর্ট
শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পারা, এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধান উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি বলেন, ‘শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পারা— যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম; এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটুট প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ।
প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি নয়, এটি আমাদের সামনে আরো বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল।
প্রসঙ্গত, সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সেই হিসাবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী বাংলাদেশের ওপর ২০ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ,পাকিস্তানের ওপর ১৯, আফগানিস্তানের ১৫, ব্রাজিলের ১০, ইন্দোনেশিয়ার ১৯, মালয়েশিয়ার ১৯, মিয়ানমারের ৪০, ফিলিপাইনের ১৯, শ্রীলঙ্কার ২০ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।



