কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তির বৈশ্বিক দৌড়ে পিছিয়ে পড়লে পুরো মুসলিম সমাজ আবার বিদেশি প্রভাব ও নতুন ধরনের অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত উপনিবেশের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতের কেরালার কোঝিকোড়ে শেখ আবু বকর ফাউন্ডেশন আয়োজিত বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বলেন, “বর্তমান যুগে যুগের চাহিদা অনুযায়ী জ্ঞানের চর্চা না থাকলে আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির বিশ্বজনীন ভাষা না বুঝলে আমরা আবারও পরোক্ষ উপনিবেশে পরিণত হব।”
ইসলামি আলেম সমাজ ও পণ্ডিতদের উদ্দেশ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আহ্বান জানান, আধুনিক প্রযুক্তির বিকাশ, বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নিত্যনতুন বাস্তবতাগুলোকে তাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। তবে একই সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতির মধ্য দিয়ে যেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের কোনো ক্ষতি না হয়, সে বিষয়েও তিনি সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, “আমাদের জ্ঞান ও দক্ষতার চূড়ান্ত প্রয়োজন রয়েছে, তবে প্রযুক্তির যেকোনো বিকাশ যেন আমাদের ঈমান ও নৈতিক ভিত্তিকে ক্ষুণ্ন না করে তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।”
প্রযুক্তি খাতের বৈশ্বিক শীর্ষ নেতাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে তীব্র বিতর্ক চললেও মুসলিম ধর্মীয় সমাজ ও পণ্ডিতরা এই চ্যালেঞ্জগুলোর দিকে পর্যাপ্ত মনোযোগ দিচ্ছেন না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের প্রযুক্তিগত বিকাশ যেন মেধা, জ্ঞান, নৈতিকতা এবং ধর্মীয় আদর্শের টেকসই স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য, ভারতের কেরালার কোঝিকোড়ে বিশিষ্ট সুন্নি আলেম ও ভারতের গ্র্যান্ড মুফতি কান্থাপুরাম এ. পি. আবুবকর মুসলিয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে শেখ আবু বকর ফাউন্ডেশনের প্রথম এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেন। নয়াদিল্লিতে ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগদান শেষে কেরালা সফরে যান আনোয়ার ইব্রাহিম।



