ডেস্ক রিপোর্টঃ বিদেশে প্রায় সব ধরনের আর্থিক ও মানবিক সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে রয়েছে কেবল ইসরায়েল ও মিসরের জরুরি খাদ্য ও সামরিক সহায়তা। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনে একটি তারবার্তা পাঠান, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) বৈশ্বিক সহায়তা কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা বৈদেশিক সহায়তা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ফলে নতুন সহায়তা স্থগিতের পাশাপাশি বিদ্যমান প্রকল্পগুলোও অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তারবার্তায় আরও জানানো হয়েছে, প্রশাসন আগামী মাসে একটি নতুন নীতিমালা তৈরি করবে, যেখানে বৈদেশিক সহায়তা “প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না” তা যাচাই করা হবে। এই পর্যালোচনা ৮৫ দিনের মধ্যে শেষ করা হবে, এরপর সহায়তা কর্মসূচিগুলো চালু থাকবে, সংশোধন হবে বা সম্পূর্ণ বাতিল করা হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বজুড়ে মার্কিন সহায়তা কর্মসূচিতে এই আকস্মিক স্থগিতাদেশ বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
বিএম/সজীব



