ডেস্ক রিপোর্ট : এক সপ্তাহে বাজার থেকে এক হালি লেবু আকারভেদে ২০ থেকে ৪০ টাকায় কেনা যেত। শনিবার ঢাকার চারটি বাজার ঘুরে দেখা গেছে, লেবু বিক্রি হচ্ছে হালিপ্রতি ৫০-৮০ টাকা দরে।
লেবুর মতো দাম বেড়েছে শসা, লম্বা বেগুন এবং দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ফলের।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, ইফতারসামগ্রীর দাম চড়া, যা সাধারণ মানুষের খরচ বাড়িয়েছে।
বেড়েছে যেসব পণ্যের দাম
ইফতারে বেগুনি, পেঁয়াজুর মতো ভাজাপোড়া খেতে পছন্দ করেন অনেকে। প্রতিবছরই রোজায় বেগুনের দাম বাড়ে। এবারও বেড়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল মার্কেট, আগারগাঁওয়ের তালতলা বাজার এবং কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, গত তিন দিনে খুচরা পর্যায়ে লম্বা বেগুনের দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে মানভেদে ৬০ থেকে ৭০ টাকা। এবার অবশ্য বেগুন ‘শতক’ হাঁকায়নি।
শসার দামও কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। গতকাল এক কেজি দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর হাইব্রিড শসা কেনা গেছে ৫০-৬০ টাকা দরে।
তবে কাঁচা মরিচের দাম কম। কেজি ৬০-৮০ টাকা।
বিক্রেতারা বলছেন, কয়েক দিন পরই বেগুন ও শসার দাম কমে যাবে।
প্রতিবছরই রোজার প্রথম কয়েক দিন দাম বেশি থাকে, পরে কমে যায়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম গতকাল বলেন, গত রমজানের চেয়ে এবার বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে, কমেছে। দাম সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজানে অন্তর্বর্তী সরকারের নজর থাকবে।
বিএম/জ/রা



