আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপে কাজের অনুমোদন সীমিত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্মারক জারি করেছে মার্কিন সরকার। একই সঙ্গে নিয়ম না মানলে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন হারানোর ঝুঁকির কথাও জানানো হয়েছে।
২৪ আগস্টের ওই স্মারকে বলা হয়েছে, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অধীন স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) লক্ষ্য করেছে যে, কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং বা সিপিটি অনুমোদনের সংখ্যা বেড়েছে। এর কিছু অনুমোদন সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
মার্কিন নিয়ম অনুযায়ী, সিপিটি এমন প্রশিক্ষণের জন্য অনুমোদিত হওয়ার কথা, যা কোনো প্রতিষ্ঠিত শিক্ষাক্রমের অবিচ্ছেদ্য অংশ। তবে প্রশাসনের দাবি, কিছু ক্ষেত্রে এমন ইন্টার্নশিপের জন্যও সিপিটি অনুমোদন দেওয়া হচ্ছে, যেগুলো শিক্ষার্থীদের নির্ধারিত কারিকুলামের সঙ্গে যথেষ্টভাবে যুক্ত নয়।
স্মারকে বিশ্ববিদ্যালয়গুলোকে সিপিটি অনুমোদনের ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান নিয়ম মেনে না চললে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন হারাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ট্রাম্প প্রশাসন এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও তদন্ত ও অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছে। এসব পদক্ষেপের পেছনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, ইসরায়েলের গাজা অভিযান নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান, বৈচিত্র্যবিষয়ক কর্মসূচি, জলবায়ু কার্যক্রম এবং ট্রান্সজেন্ডার নীতিসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রশাসনের আপত্তি রয়েছে।
নতুন এই উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।



