― Advertisement ―

পাকিস্তানে তুষারধসে নিহত কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা, প্রাণ হারিয়েছেন অভিযানের সব ১০ সদস্য

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে নিহত হয়েছেন বিশ্বখ্যাত নেপালি বংশোদ্ভূত পর্বতারোহী ও সাবেক ব্রিটিশ সেনাসদস্য নির্মল ‘নিমস’ পুরজা। তার প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।


প্রতিষ্ঠানটির জানানো মতে, বৃহস্পতিবারের তুষারধসে শুধু নির্মল পুরজাই নন, তার নেতৃত্বাধীন অভিযানে থাকা বাকি নয় সদস্যও প্রাণ হারিয়েছেন। ফলে পুরো ১০ সদস্যের দলটির কেউই বেঁচে নেই।


এর আগে পাকিস্তানি কর্তৃপক্ষ তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধারের কথা জানায়। তারা হলেন—যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হার্থি এবং নেপালের পুর বাহাদুর গুরুং।


নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় বিশ্বরেকর্ডধারী নির্মল পুরজাসহ ছয় নেপালি ও চার বিদেশি পর্বতারোহীর মর্মান্তিক মৃত্যু পুরো দেশকে স্তম্ভিত করেছে। তাদের সাহস, নিষ্ঠা ও অবদান চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।


দুর্ঘটনার পর পাকিস্তানের উদ্ধারকারী দল ৮,০৪৭ মিটার (২৬,৪০০ ফুট) উচ্চতার ব্রড পিকে নিখোঁজ পর্বতারোহীদের খুঁজে বের করার জন্য ব্যাপক অভিযান চালায়। তবে শেষ পর্যন্ত কেউই জীবিত উদ্ধার হননি।
৪৩ বছর বয়সী নির্মল পুরজা ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। আগের রেকর্ডটি তিনি সাত বছরেরও বেশি ব্যবধানে ভেঙে দেন।


তার এই অসাধারণ অভিযাত্রা নিয়ে ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় জনপ্রিয় তথ্যচিত্র “14 Peaks: Nothing Is Impossible”, যা তাকে বিশ্বজুড়ে আরও পরিচিত করে তোলে।


নির্মল পুরজা ব্রিটিশ সেনাবাহিনীতে ১৬ বছর কর্মরত ছিলেন, যার মধ্যে ১০ বছর তিনি বিশেষ বাহিনীতে দায়িত্ব পালন করেন। চরম উচ্চতায় পর্বতারোহণে অসাধারণ অবদানের জন্য ২০১৮ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে এমবিই (Member of the Order of the British Empire) সম্মানে ভূষিত হন। তিনি নিজেকে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় এভারেস্ট জয় করা প্রথম গুর্খা হিসেবেও উল্লেখ করেছিলেন।


মৃত্যুর কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া শেষ পোস্টে নির্মল পুরজা লিখেছিলেন, তার মূল পরিকল্পনা ছিল শুধু গ্যাশারব্রুম-২ (জি২) আরোহণ করা। পরে সিদ্ধান্ত বদলে ব্রড পিকেও ওঠার পরিকল্পনা করেন। সফল হলে অক্সিজেন ছাড়া বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গ দুইবার জয় করা প্রথম ব্যক্তি হওয়ার পথে তার সামনে মাত্র একটি শৃঙ্গ বাকি থাকত।
তিনি শেষ পোস্টে লিখেছিলেন, “আমি কোনো পর্বতকেই হালকাভাবে নিই না। ব্রড পিকের কাছে আমার একটাই চাওয়া—নিরাপদে ওঠা এবং নিরাপদে ফিরে আসা।”


ব্রড পিক বিশ্বের অন্যতম কঠিন পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত। ১৯৫৭ সালে প্রথম সফল আরোহণের পর থেকে বহু পর্বতারোহী এ শৃঙ্গে উঠলেও, কয়েক ডজন মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন। ২০১৩ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী বছরগুলোর একটি, যখন অন্তত ছয়জন পর্বতারোহীর মৃত্যু হয়।