― Advertisement ―

ব্যাংককের বারে অগ্নিকাণ্ডে ৩০ মৃত্যু, ছিল না ন্যূনতম অগ্নিনিরাপত্তা ব্যবস্থা: বিশেষজ্ঞ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি রেস্তোরাঁ-বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ জনের প্রাণহানির ঘটনায় প্রাথমিক তদন্তে গুরুতর নিরাপত্তা ঘাটতির তথ্য উঠে এসেছে। স্বাধীন অগ্নি-নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বারটিতে এমন কিছু মৌলিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা থাকলে অনেক প্রাণহানি এড়ানো সম্ভব হতে পারত।

মঙ্গলবার (১৪ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান থাইল্যান্ড বিল্ডিং ইন্সপেক্টর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ওয়াসাওয়াত কিটসিরিতিরাফাক।

তিনি জানান, রোববার (১২ জুলাই) সংঘটিত প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পর ফরেনসিক পুলিশের সঙ্গে রং বিয়ার না লাত ফ্রাও (Rong Beer Na Lat Phrao) রেস্তোরাঁ-বারটি পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে সেখানে জরুরি নির্গমন পথের নির্দেশক চিহ্ন, জরুরি আলোর ব্যবস্থা এবং অগ্নি সতর্কীকরণ (ফায়ার অ্যালার্ম) ব্যবস্থা ছিল না বলে দেখতে পান।

বিশেষজ্ঞদের মতে, এসব মৌলিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকলে আগুন লাগার পর মানুষ দ্রুত ভবন থেকে বের হতে পারত এবং হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হতো।

এর আগে রোববার রাতে বারটিতে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ৩০ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।