― Advertisement ―

ইমরান খানের দ্রুত হৃদ্‌যন্ত্রের চিকিৎসা চায় পিটিআই

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য দ্রুত হৃদ্‌যন্ত্রের চিকিৎসার দাবি জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, চিকিৎসকদের পরামর্শ থাকা সত্ত্বেও সম্প্রতি সরকারি হাসপাতালে ইমরান খানের সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি (সিটিএ) করা হয়নি।

রোববার (২৩ আগস্ট ২০২৬) এক বিবৃতিতে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, ইমরান খানের সম্ভাব্য হৃদ্‌যন্ত্রের জটিলতার ঝুঁকি নিয়ে চিকিৎসকেরা উদ্বেগ প্রকাশ করলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা করায়নি।

পিটিআইয়ের দাবি, ৭৩ বছর বয়সী ইমরান খানের জন্য চিকিৎসকেরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার সুপারিশ করেছিলেন। অথচ পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) কার্যকর সিটি স্ক্যানার থাকা সত্ত্বেও পরীক্ষাটি করা হয়নি।

দলটি এই ঘটনাকে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের ‘চলমান ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে ইমরান খানের চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছে।

পিটিআই বলছে, ইমরান খানের হৃদ্‌যন্ত্রের অবস্থা মূল্যায়নে প্রয়োজনীয় পরীক্ষা দ্রুত সম্পন্ন করা জরুরি। এ জন্য দলটি ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে তার প্রয়োজনীয় হৃদ্‌যন্ত্রের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে রাখার নির্দেশ দিয়েছিল। তার চিকিৎসা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পিটিআই এবং পরিবারের পক্ষ থেকে নিয়মিত উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

ইমরান খান বর্তমানে কারাবন্দি রয়েছেন। তার স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক দল ও সমর্থকদের মধ্যে উদ্বেগের পাশাপাশি পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি আলোচনায় রয়েছে।