― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট’: সরাসরি চাকরির সুযোগ পেলেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমানা পেরিয়ে বাস্তব কর্পোরেট জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট ২০২৬’। ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে সরাসরি স্পট অনসাইট সিভ জমাদান ও চাকরির অফারের সুযোগ পান গ্র্যাজুয়েটরা।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম এবং ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। বক্তারা তাদের বক্তব্যে গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মানের চাকরির বাজারে নিজেদের যোগ্য করে তোলার তাগিদ দেন।

সামিটের প্রধান আকর্ষণ ছিল দেশের খ্যাতনামা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্পট বুথ। শিক্ষার্থীরা সরাসরি এসব বুথে গিয়ে নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। জমা পড়া সিভি থেকে যাচাই-বাছাইয়ের পর শূন্যপদে যোগ্যদের নিয়োগ দেবে প্রতিষ্ঠানগুলো। দিনব্যাপী পুরো কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল জনপ্রিয় চাকরির প্ল্যাটফর্ম ‘স্কিল জবস’।

চাকরির আবেদনের পাশাপাশি তরুণদের দক্ষতা তৈরিতে একাধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ কর্পোরেট নির্বাহীরা অংশ নেন। সেশনগুলোতে সিভি রাইটিং, ভাইভা বোর্ডে নিজেকে উপস্থাপন, নেতৃত্ব, টিমওয়ার্ক, ক্যারিয়ার প্ল্যানিং ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনের সমাপনী পর্বে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, এডমিশন বিভাগের পরিচালক (ইনচার্জ) ও সহযোগী অধ্যাপক আবু মো. আবদুল্লাহ এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট অফিসের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম। অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে আয়োজন শেষ হয়।