বগুড়ার শেরপুরে নিখোঁজের একদিন পর হামিদুল মণ্ডল (৪২) নামের এক ধান ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হামিদুল মণ্ডল ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে জমি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, হামিদুল নিজেই সেই জমির মালিক। নিহতের গলায় রশির দাগ থাকায় পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি জমিতে ফেলে রেখে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, হামিদুল বিভিন্ন গ্রাম থেকে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে পাইকারদের কাছে সরবরাহ করতেন। শনিবার বিকেলে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। আজ সকালে স্থানীয়রা জমিতে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে স্বজনরা গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ জানান, সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



