রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা গণমাধ্যমে অভিযোগ করেছেন, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আবদুর রহমান দীর্ঘদিন ধরেই কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেটে চাঁদাবাজি করে আসছেন এবং তার-ই লোকজন আজ তাদের ওপর এই হামলা চালিয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটিনায় কয়েকজন আহত হয়েছেন।
ব্যবসায়ীরা বলছেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সোয়া ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে সহস্রাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে একদল লোক এসে তাঁদের ওপর হামলা চালান। এতে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।
কারওয়ান বাজারের ইসলামিয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ‘চাঁদাবাজির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ বহিরাগত কিছু লোক এসে আমাদের ওপর হামলা চালান। এতে অনেক ব্যবসায়ী আহত হন। মানববন্ধনের বিষয়টি আগে থেকেই থানা-পুলিশকে জানানো হয়েছিল ‘
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ গণমাধ্যমে বলেন, যাঁরা মানববন্ধন করেছেন, তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ব্যবসায়ীদের কমিটিসংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। সেখানে আরেকটি গ্রুপ হামলা করেছে।
পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম সাংবাদিকদের বলেন, এখানে ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ রয়েছে। এখানে মানববন্ধনে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ দাঁড়িয়েছে। মানববন্ধন চলাকালে একটি পক্ষ এসে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।



