― Advertisement ―

বাজাউরে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানি মেজরসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সন্ত্রাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত সেনা কর্মকর্তা মেজর পদমর্যাদার ছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের মদদপুষ্ট নিষিদ্ধ সংগঠন ফিতনা আল-খাওয়ারিজের সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাজাউর জেলায় একটি লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলাগুলি শুরু হয়। এতে পাঁচ সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয় বলে দাবি করেছে আইএসপিআর।

বিবৃতিতে আরও জানানো হয়, সংঘর্ষের সময় সামনে থেকে সেনাদের নেতৃত্ব দিতে গিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইরত অবস্থায় মেজর আদিল জামান শাহাদাত বরণ করেন। তার বয়স ছিল ৩৬ বছর। তিনি খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলার বাসিন্দা ছিলেন।

আইএসপিআর জানায়, এলাকায় এখনও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

রাবি