― Advertisement ―

সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসার সর্বশেষ জানাল ইনকিলাব মঞ্চ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আজ ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির ভাইয়ের বরাত দিয়ে বলা হয়, আরো একটি অস্ত্রোপচার প্রয়োজন, তবে সেটি করার মতো শারীরিক অবস্থা এখনো তৈরি হয়নি।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চ জানায়, শরিফ ওসমান হাদির প্রাইমারি টেস্টের পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুজনের একজন হাদির মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

এতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শ্যুটার) এবং আলমগীর হোসেন (বাইকচালক)।

মূল সন্দেহভাজন দুজনের কাউকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।