আফ্রিকার দেশ সুদানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র একটি গোষ্ঠীর ড্রোন হামলায় শান্তিরক্ষী মিশনে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে হতাহতদের নাম পরিচয় প্রকাশ করে আইএসপিআর। নিহতরা হলেন—কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী) ও শান্ত মন্ডল (কুড়িগ্রাম)।
এছাড়াও হামলা নিহত হন মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
অপরদিকে আহত শান্তিরক্ষীরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)।
প্রসঙ্গত, সুদানের স্থানীয় সময় শনিবার দুপুরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এ ড্রোন হামলায় চালায়। শনিবার ছয়জন নিহত হওয়ার কথা জানানো হলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম জানানো হয়নি।



