― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ করেছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটি ভেঙে স্বর্ণগুলো জব্দ করা হয়। আজ বুধবার দুদক এ বিষয়ে বিস্তারিত জানাতে পারে।

অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়।

নাম প্রকাশ না করার শর্তে সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। তিনি বলেন, লকারে আর কী জিনিস রয়েছে, তা জব্দ তালিকা চূড়ান্ত করার পরে বলা সম্ভব হবে।

জানা গেছে, অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুটি লকার ছিল, যার নম্বর ৭৫১ ও ৭৫৩। এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে তাঁর একটি লকার জব্দ করা হয়। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই করপোরেট শাখায় তাঁর লকার নম্বর ১২৮।

এর বাইরে পূবালী ব্যাংকের ওই শাখার দুটি ব্যাংক হিসাবে ৫৬ লাখ টাকা পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর এবং অপর হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া যায়। শেখ হাসিনার এসব হিসাবও জব্দ করেছে এনবিআর।